কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৪ কোটি টাকা বরাদ্দ

দেশ জুড়ে বইছে তীব্র শীত। কনকনে এ শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণের জন্য ৪৯৫টি উপজেলায় ৩৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা এবং সব পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

গতকাল শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে মেনে জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন। কম্বল বিতরণ এবং কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।