রাজধানীতে শুরু হচ্ছে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি

বাজার স্বাভাবিক রাখতে আগামী ১২ জানুয়ারি থেকে রাজধানীর ২০ টি পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আজ শনিবার রাজধানীর রিপোর্টারস ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনের নেতারা। 

বিপিএর সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০ পয়েন্টে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ১০০ পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।‘

তিনি আরও বলেন, এই কার্যক্রমে বিপিএর সাপ্লাই চেইনে যুক্ত হবে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কিছু সংখ্যক স্মার্ট ছাত্র যারা কৃষি খাত এবং ভোক্তা-উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের দক্ষতা এবং উদ্যমের মাধ্যমে এই উদ্যোগটি আরও কার্যকরী হবে, যা দেশের কৃষি খাতের উন্নতি এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নকে ত্বরান্বিত করবে।’

অভিযোগ করে বিপিএ সভাপতি বলেন, ‘বছরে করপোরেট কোম্পানিগুলো ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে। তাদের হাতে বাজারের নিয়ন্ত্রণ থাকায় কমছে না ডিম-মুরগির দাম। ভাঙ্গা যাচ্ছে না সিন্ডিকেট।

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে না কমায় মুরগির দামে প্রভাব পড়ছে। সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের রাখার আহ্বান জানাচ্ছি।

এসময় খামারীরা বলেন, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা সরকারকে সহযোগিতা করবে। রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় থাকবে। পর্যায়ক্রমে রাজধানীর ১০০ টি পয়েন্টে ডিম, মুরগির বিক্রি কার্যক্রম পরিচালনা করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে বর্তমানে চড়া মুরগির দামের জন্য গুটি কয়েক করপোরেট কোম্পানিগুলোকে দায়ী করে অ্যাসোসিয়েশন। সিন্ডিকেট ভেঙে দিতে সরকারি হস্তক্ষেপ দাবি করেন তারা।

ডিম, মুরগির বাজারে স্বস্তি আনতে পোল্ট্রি বোর্ড গঠনসহ ১০ দফা দাবিও তুলে ধরেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন।