আবুধাবিতে ফেরত নেওয়ার পথে ৬ স্বর্ণের ডিম জব্দ

প্রত্যাশিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, জব্দ স্বর্ণের ডিমের মূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে আবারও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ডিমগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রবিবার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে অফলোড করা হয়। পরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

এনবিআরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো এর আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

দুই অভিযানে উদ্ধার হওয়া ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উদ্ধার করা স্বর্ণের ডিমগুলোর প্রকৃত উৎস, ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত