বুমরার কোথায় আঘাত লেগেছে? কতদিন লাগবে সেরে উঠতে?

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে চোটে পড়ে মাঠ ছেড়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরা। পরে স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চা বিরতির সময় ভারতের ড্রেসিংরুমে ফিরেছিলেন বুমরা। তখন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যাওয়ায় বোলিং বা ফিল্ডিংয়ের প্রয়োজন ছিল না। কিন্তু বুমরার আসলে কী হয়েছে?

শনিবার দিনের খেলা শেষে ভারতের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ জানান, বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছেন। সেই চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। প্রসিদ্ধের ভাষা, ‘বুমরা পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ বুমরা রবিবার বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনো উত্তর দিতে পারেননি প্রসিদ্ধ।

এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরা। তবে এক ওভার বল করার পরই তিনি মাঠ ছেড়ে যান। ড্রেসিংরুমে দলের চিকিৎসক তাকে পরীক্ষা করে স্ক্যানের জন্য হাসপাতালে নিতে বলেন। সাথে সাথেই তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুমরার ইনজুরি গুরুতর নয় বলেই জানা গেছে। চলতি সিরিজে ১৫১.২ ওভার বল করে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছেন বুমরা।