আসন্ন শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই আরও এক বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। দলের পেস বিভাগের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাকে ছাড়াই শ্রীলঙ্কা সফরে যেতে হচ্ছে তাদের। ক্রিকইনফো’র এক প্রতিবেদনের সূত্রমতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাঁ হাঁটুর চোটে ভোগা এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের চিকিৎসা দল। এতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন তিনি।
শুধু বুমরা একা নন, ইনজুরির মিছিলে আছে আরও কয়েকটি বড় নাম। ইনজুরির কারণে আগেই সফর থেকে ছিটকে গেছেন হারশিত রানা ও নিতিশ কুমার রেড্ডি। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে অন্তত প্রথম টেস্টে খেলা হচ্ছে না ওয়াশিংটন সুন্দরের। পিঠের চোটের দীর্ঘমেয়াদি সমস্যায় বাইরে আছেন আকাশ দীপও। একে একে তারকা ক্রিকেটারদের এমন ছিটকে যাওয়া এবং দলের ঘন ঘন ইনজুরি ভীষণ ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে ইংল্যান্ড সিরিজ হারের পর দলের এমন ভঙ্গুর ফিটনেস নিয়ে সরাসরি ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল।
দলের এই ঘন ঘন ইনজুরি নিয়ে বেশ খোলাখুলি কথা বলেছেন অধিনায়ক গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেছেন, ‘যদি প্রতিটি ম্যাচের পর কোনো না কোনো খেলোয়াড়কে মিস করতে হয়, তবে কোথাও না কোথাও আমরা ভুল করছি। মাঠে আসার পর সকালে জানতে পারলেন কোনো খেলোয়াড় চোটগ্রস্ত, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে যে ঝুঁকিটা নেওয়া ঠিক হবে কি না।’
ভবিষ্যতের বড় কোনো টুর্নামেন্ট নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে গিল আরও যোগ করেন, ‘কোনো খেলোয়াড় যদি ৮০ শতাংশ ফিট থাকে এবং আপনি তাকে নিয়ে ৫ জন বোলার নিয়ে মাঠে নামলেন, আর সে যদি ৫ ওভার বোলিং করেই মাঠ ছেড়ে যায়, তবে বল করবে কে? এটা বেশ কঠিন। তাই একটি দল হিসেবে আমাদের ফিটনেস আরও উন্নত করতে হবে।’
আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৩ আগস্ট থেকে কলম্বোর এসএসসিতে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে ৭ আগস্ট থেকে কলম্বোয় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। তবে সেরা তারকাদের ছাড়া শুরু হতে যাওয়া এই সিরিজটি যে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের জন্য বেশ বড় এক পরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য।
ফুটবলের মতো পোকারটাও দুর্দান্ত খেলেন নেইমার