সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি কোম্পানি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত (পেপার ফ্রি) বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। গত ২ জানুয়ারি এই বেঞ্চে কাগজমুক্ত বিচারিক কার্যক্রম পরিচালনা শুরুর করা থাকলেও সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারকাজ শুরু হয়নি।
আজ শনিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার সকল কাগজপত্র অনলাইনে জমা নেওয়ার পাশাপাশি পেপার ফ্রি কার্যক্রম রবিবার থেকে শুরু হবে।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন। বিচারিক কাজে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ আনার মাধ্যমে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত রোডম্যাপের আলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নাধীন।