নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বাকৃবি প্রক্টর প্রফেসর ড. আলিম উদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ এবং উত্তেজিত একদল সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় এ নিয়ে কোনো উত্তেজনা নেই। তবে পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’