পাবজি খেলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

রেললাইনের ওপরে বসে পাবজি গেম খেলছিল তিন কিশোর। তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না। আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃত্যু হল তিনজনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গিয়েছে ট্রেনের চাকা। ভারতের বিহারের পশ্চিম চম্পারন জেলায় এ ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এ ঘটনায় নিহতরা হলেন— ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লা আনসারি। প্রতিবেদনে জানা গেছে, তারা তিনজনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের মাঝবরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের লোকজন। দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও। 

এসডিপিও বিবেক দীপ থেকে সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের দেহ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত