রাজধানীর শাহবাগ থানার হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিবকে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে গতকাল শুক্রবার হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ২১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।