বিরোধী দলীয় নেতাকে ধরতে কোটি টাকা পুরস্কার ঘোষণা

ভেনেজুয়েলার নির্বাসিত বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজকে ধরিয়ে দিতে ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। গঞ্জালেজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নথি জালিয়াতির অভিযোগ এনে ভেনেজুয়েলা সরকার তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলে সেপ্টেম্বরে তিনি পালিয়ে স্পেনে রাজনৈতিক আশ্রয় পান।

আগামী শুক্রবার (১০ জানুয়ারি) শপথ নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার নতুন মেয়াদ শুরু আগে ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার অঙ্গীকার করেছিলেন গঞ্জালেজ। দেশে ফিরে এদিন মাদুরোর পরিবর্তে নিজে শপথ নেয়ার প্রত্যয় ঘোষণা করেন। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি দিয়ে ইংরেজিতে ‘ওয়ান্টেড’ লিখে পোস্ট প্রকাশ করেছে দেশটির পুলিশ। এর আগে গঞ্জালেজ উরুতিয়া ছিলেন স্বল্প পরিচিত একজন সাবেক কূটনীতিক।

পুরস্কার ঘোষণার পরপরই গঞ্জালেজ বলেন, তিনি লাতিন আমেরিকা সফর শুরু করতে আর্জেন্টিনা সফর করছেন, যেখানে তিনি শনিবার মাদুরোর কট্টর সমালোচক প্রেসিডেন্ট হাভিয়ের মিলির সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত মার্চে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত করার সময় গঞ্জালেজ খুব একটা পরিচিত ছিলেন না। তিনি এর আগে কখনও সরকারী পদে প্রার্থী হননি এবং বিরোধী চেনাশোনাতেও ব্যাপকভাবে পরিচিত ছিলেন না। কিন্তু শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক মাস পর জনমত জরিপে মাদুরোকে ছাড়িয়ে যান সাবেক এই কূটনীতিক।

তবে কারচুপির নির্বাচনে জেতার পর ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালান মাদুরো। এ কারণে দেশ ছাড়েন ৭৫ বছর বয়সী উরুতিয়া।