ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলার সাত্তুর এলাকায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে কারখানার ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, আতশবাজি কারখানা থেকে এখন পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ ও উদ্ধারকারী দল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সাত্তুরের ওই কারখানায় বাজি তৈরির সময়ে বিভিন্ন রাসায়নিক মেশানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটেল প্রচণ্ড শব্দের পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানার আশপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
কারখানায় বিস্ফোরণের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হয় ফরেন্সিক দলকে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অনেকের শরীরের একাধিক অংশ ঝলসে গেছে।