সম্প্রতি বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদটিকে মসজিদে নববির আদলে নতুনভাবে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কুয়েত চ্যারিটি হতে প্রাপ্ত ১০ কোটি টাকা তহবিলে জমা আছে। এ টাকা দিয়ে কাজ শুরু করা হবে। এর অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে স্থানীয়ভাবে সেটা সংগ্রহ করা যাবে।
তিনি আরও বলেন, বায়তুল মোকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। একনেকের অনুমোদন পেলে প্রকল্পের কাজ শুরু হবে।
সভায় ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতনস্কেল তৈরি করছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদগুলোতে ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে তারতম্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমামের বেতন-ভাতা সমান নয়। এ কারণে ২০১৫ সালের সরকারি বেতনস্কেলকে সামনে রেখে ইউনিফাইড (একীভূত) বেতন কাঠামো তৈরি করা হবে। এ বিষয়ে কাজ চলছে। যথা দ্রুত সম্ভব বেতনস্কেল প্রস্তুত করে মন্ত্রিপরিষদে পেশ করা হবে এবং মন্ত্রিপরিষদের অনুমোদনক্রমে গেজেট আকারে প্রকাশ করা হবে। বেসরকারি যেসব মসজিদের তহবিলে টাকা আছে তাদের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই বেতনস্কেল বাস্তবায়নে অনুরোধ করা হবে। এর মধ্য দিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।
ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হলেন তৃণমূল পর্যায়ে ইসলামের প্রতিনিধি। আপনারা সামাজিক শক্তির প্রতিভূ। এই সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হলে দেশের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।