ব্যাটসম্যানদের দায়ী করে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেন গম্ভীর

সিডনি টেস্টে ৬ উইকেটে হেরে অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার ট্রফি খুঁইয়েছে ভারত। জয়-পরাজয় ছাপিয়ে ভারতীয় ব্যাটারদের বাজে পারফর্মেন্স উঠে এসেছে আলোচনায়। দেশের মাটি, বিদেশের মাটি কোথাও টিকতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। পাশাপাশি যে মানসিকতা নিয়ে তারা খেলছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আরও একবার ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব তুলে ধরেছেন গৌতম গম্ভীর।

এমনিতেই ভারতের ঘরোয়া ক্রিকেট খুবই সমৃদ্ধ। কিন্তু জাতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটারই এসব লিগে খেলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের ক্রিকেটারেরা রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন কিনা- এমন প্রশ্ন ভারতের প্রধান কোচ বলেন, ‘আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়, আরও বেশি খেলা উচিত। যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা আছে, তাদের সবার খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তাহলে টেস্ট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।’

সাম্প্রতিক কালে ভারতীয় ব্যাটারেরা কোনও উইকেটেই খেলতে পারছেন না। দেশের উইকেটও তারা চিনতে পারছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে পেস সহায়ক উইকেট বানানো হয়েছিল। সেখানে ভারতীয় ব্যাটাররা ৪৬ রানে অল-আউট হয়ে যায়! সেই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার সেটাই বড় কারণ। অনেকের মতে, ঘরোয়া ক্রিকেট না খেলায় দেশের উইকেট চিনতে ব্যাটারদের অসুবিধা হচ্ছে।

সিডনির উইকেট মোটেও ভীতিকর ছিল না বলে মনে করেন গম্ভীর। দলের ব্যাটারদের ওপর দায় চাপিয়ে তিনি বলেন, ‘সিডনির উইকেট খুবই ভালো ছিল, বিশেষ করে টেস্টের জন্য। বোলিং, ব্যাটিং দুই বিভাগই উইকেটের সহায়তা পেয়েছে। ব্যাটারদের হয়েছে রান পেতে পরিশ্রম করতে হয়েছে। এর আগে অবশ্য সিডনির উইকেট এমন ছিল না। টেস্টে এমন উইকেট তৈরি করা উচিত, যাতে ফলাফল আসে। দেশে ফিরে আমরা উইকেট নিয়ে আরও আলোচনা করব।’