ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এখন শেষের পথে। বোর্ডার-গাভাস্কার ট্রফি হারাতে বসেছে ভারত। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। ভারতীয় ক্রিকেটারদের উদযাপনের ধরনে বিরক্ত অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার মতে, শাস্তির কোনো সম্ভাবনা নেই বলে ভারতীয় ক্রিকেটারেরা মাঠে যা ইচ্ছে তাই করছে। স্যাম কনস্টাসকে রাগানোর চেষ্টার অভিযোগও করেছেন তিনি।
সিডনিতে প্রথম দিন খেলার শেষ বলে অজি ওপেনার উসমান খাজাকে আউট করেন জসপ্রিত বুমরা। তারপরই অন্যপ্রান্তে থাকা কনস্টাসের দিকে তিনি তেড়ে যান। কনস্টাস স্লেজিং করায় তার সামনে গিয়ে আগ্রাসীভাবে উদযাপন করেন বুমরা। তার সঙ্গে যোগ দেন বিরাট কোহলি, লোকেশ রাহুলেরা। পরে আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা ভালোভাবে নেননি ম্যাকডোনাল্ড।
অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘ভারতীয়রা ইচ্ছে করে কনস্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাই আমি কনস্টাসকে জিজ্ঞাসা করছিলাম, সে মানসিকভাবে ঠিক আছে কিনা। এটা আমার দায়িত্ব।’
কোচ কনস্টাসের পাশে দাঁড়ালেও তরুণ অজি ওপেনার কনস্টাসই শুরুটা করেছিলেন। বুমরাকে তিনি স্লেজিং করছিলেন। বল করার আগে কনস্টাসের সঙ্গে বুমরার কথা কাটাকাটিও হয়। সেই কারণেই হয়তো খাজাকে আউট করার পরে এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন বুমরা।
ম্যাকডোনাল্ডের মতে, আইসিসির বিষয়টি দেখা উচিত। কোনো শাস্তি নেই বলে মাঠে যেভাবে খুশি সেভাবে উদযাপন করা যায় না। তিনি বলেন, ‘উদযাপন নিয়ে আইসিসির কোনো শাস্তি নেই। ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে সেটা করা যায়। কিন্তু তাই বলে যা খুশি তাই করা যায় না। শাস্তি হয় না বলেই তারা যা খুশি তাই করছে- এটা ঠিক না। আমার মনে হয়, আইসিসির বিষয়টি দেখা উচিত।’
এদিকে ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, ‘কনস্টাসের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তার আক্রমণাত্মক খেলার ধরন আমরা পছন্দ করি। আমরাও একইভাবে খেলতে চাই। কিন্তু আমাদের হালকাভাবে নিলে হবে না। আমরা একটা দল হিসাবে খেলছি। দল হিসাবেই সব কিছুর জবাব দেব।’
বুমরার কোথায় আঘাত লেগেছে? কতদিন লাগবে সেরে উঠতে?
টানা ‘১৪ ম্যাচে’ পরাজয়; লজ্জার রেকর্ড গড়বে সুজনের ঢাকা?
০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!