এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি অংশের সার্ভিস লেনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল শনিবার রাতে উপজেলার দোগাছি এলাকার সার্ভিস লেনের পাশে পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যুবকের গায়ে কোনো জামা-কাপড় ছিল না। প্রচণ্ড শীতে খালি গায়ে থাকায় স্ট্রোক করে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ময়নাতদন্তের পর ওই যুবকের মৃত্যু প্রকৃত ঘটনা জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।