ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান। যদি ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটে তাহলে তা বৃহত্তর যুদ্ধে রূপ নেবে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আব্বাস আরাগচি এমন সময় এই মন্তব্য করেছেন যখন ইরান মধ্যপ্রাচ্যে কোণঠাসা পরিস্থিতির মধ্যে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা। যদিও চলতি মাসে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদেও তেহরানের প্রতি কঠোর ছিলেন।
অন্যদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। জল্পনা চলছে, এর প্রতিক্রিয়ায় ইরানের ওপর হামলা চালাতে পারে ইসরায়েল। যেহেতু হুতিরা ইরানের কাছ থেকে অস্ত্র এবং অন্যান্য সহায়তা পেয়ে থাকে।
‘আমরা ইসরায়েলের আরও সম্ভাব্য হামলার জন্য পুরোপুরি প্রস্তুত’ শনিবার দেওয়া সাক্ষাৎকারে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। কারণ এটি বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে।’
গত এক বছরে ইরানের বিরুদ্ধে দুটি সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ১ অক্টোবর ইসরায়েল প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।