বেরোবিতে একযোগে ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, ভাঙচুর ও আবু সাঈদ হত্যার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা ১০ মিনিটে শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী। 

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বাকি ৫৬ জনের মধ্যে ৩৩ জনকে ২ সেমিস্টার এবং বাকি ২৩ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। সাবেক ওই ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করবে শৃঙ্খলা কমিটি বলে সংবাদ সম্মেলনে জানান উপাচার্য। 

এর আগে ১০৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিল প্রশাসন। তবে ১০৯তম সিন্ডিকেটের সিদ্ধান্তে বহিষ্কার করা হয় ৭১ জনকে। তালিকার ওই ১ জন শিক্ষার্থী কে সে বিষয়ে এখনও জানা যায়নি। 

উপাচার্য আরও বলেন, আগামী ২০-২২ তারিখ শিক্ষক সমিতির নির্বাচনের জন্য শিক্ষক সমিতি নির্বাচন কমিটি গঠন করলেও শিক্ষার্থীদের তীব্র বিরোধীতা ও ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনও নির্বাচন নয় এমন দাবি জানানোয় ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনও নির্বাচন হবে না।