অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে বেরোবি শিক্ষার্থী দীপা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

বিশ্বের অন্যতম আলোচিত নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম (The Aspire Leaders Program)-এ নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদা হাসান দীপা।

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্বগুণ, পেশাগত দক্ষতা ও সামাজিক প্রভাব তৈরির সক্ষমতা বিকাশে কাজ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের উদ্যোগে ২০১৭ সালে প্রতিষ্ঠিত এ প্রোগ্রাম ২০২১ সাল থেকে স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান অ্যাস্পায়ার ইনস্টিটিউট (Aspire Institute)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশ্বের ১৯৫টি দেশের পাঁচ লাখের বেশি তরুণ এ উদ্যোগের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন।

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন নাহিদা হাসান দীপা। বিশ্ববিদ্যালয়জীবনে ধারাবাহিক মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। স্নাতকে তিনি সর্বোচ্চ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া তিনি স্নাতকে প্রতিটি সেমিস্টারে মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে মেরিট স্কলারশিপ পেয়েছিলেন। পাশাপাশি গবেষণায় আগ্রহ ও কাজের স্বীকৃতি হিসেবে বেসরকারি হাসনা এলাহী বৃত্তি লাভ করেছেন তিনি।

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে নাহিদা হাসান দীপা বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একই সঙ্গে এটি আমার বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি বিশেষ অর্জন। এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণদের সঙ্গে কাজ করার এবং নেতৃত্ব ও পেশাগত দক্ষতা আরও বিকশিত করার সুযোগ পাব—এটি আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমার গবেষণা, সাংবাদিকতা ও নেতৃত্বের ক্ষেত্রে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে। আমার বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পর্যায়ের এমন সুযোগের সঙ্গে যুক্ত হতে পারে, সেটিও আমার প্রত্যাশা।’

দীপাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ও সক্রিয় শিক্ষার্থী হিসেবে জানেন তার শিক্ষক ও সহপাঠীরা। পড়াশোনার পাশাপাশি গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের প্রতিও তার আগ্রহ রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ের এমন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ উচ্চশিক্ষা ও পেশাজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত