আশুলিয়া

ছাত্র-জনতা হত্যা মামলায় মারুফ গ্রেপ্তার 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মারুফ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিাবার (৪ জানুয়ারি) রাতে আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ ভূঁইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মোর্শেদ আলম ভুঁইয়ার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে আশুলিয়ার জামগড়া ভূইয়াপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মারুফ ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন মিয়াজী বলেন, প্রথমে মূলত আশুলিয়ার জামগড়া এলাকার শিপলু ভূইয়া নামের একজনের হাত কাটার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে সিডিএমএস চেক করে দেখা যায় তার নামে ছাত্র-জনতার হত্যার ঘটনায় একটি মামলাও রয়েছে।