একই দিনে দুবার ফিফটি করলেন বাবর আজম

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই দিনে দুইবার ফিফটি করেছেন বাবর আজম। সেই সঙ্গে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও পেয়েছেন ফিফটির দেখা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের বিশাল সংগ্রহের জবাবে ফলো অনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দেড়শ রানের উদ্বোধনী জুটি পেয়েছে।

৩ উইকেটে ৬৪ রান নিয়ে তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে শুরু করেছিল পাকিস্তান। সে সময় বাবর আজম অপরাজিত ছিলেন ৩১ রানে। প্রথম সেশনেই নিজের ২৮তম ফিফটি পূর্ণ করেন। সেই ইনিংস অবশ্য বেশি দূর এগোয়নি। ৫৮ রানে ফিরে যান ১৮ বছর বয়সী অভিষিক্ত কোয়েনা মাফাকার ক্যারিয়ারের প্রথম শিকার হিসেবে।

আজই ক্যারিয়ারের ২৮ ও ২৯তম ফিফটি তুলে নেন বাবর

পাকিস্তানও গুটিয়ে যায় ১৯৮ রানে। কাগিসো রাবাদা ৩টি, মাফাকা ও কেশব মহারাজ ২টি এবং মার্কো ইয়ানসেন ও উইয়ান মুলডার ১টি করে উইকেট পান। দক্ষিণ আফ্রিকা ফলো অনে আবার ব্যাটিংয়ে নামায় পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে নতুন বলের মুখোমুখি হয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন শান মাসুদ ও বাবর আজম। রাবাদা ও ইয়ানসেনকে সামলে উভয়েই বাউন্ডারির বন্যা বইয়ে দেন। দ্বিতীয় ওভারেই মাসুদ জানসেনকে দুটি বাউন্ডারি হাঁকান, আর বাবর দারুণ ব্যাকফুট পাঞ্চে রাবাদার বল সীমানায় পাঠান।

দক্ষিণ আফ্রিকার বোলাররা তাদের প্রথম স্পেলে ২০ রানের বেশি দিয়ে বসেন, যা পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাসুদ তিন রান নিয়ে গড়েন ৫০ রানের জুটি, যা পাকিস্তানের জন্য ২০২৩ সালের ডিসেম্বরের পর প্রথম কোনো ফিফটি-প্লাস ওপেনিং জুটি। প্রথম ইনিংসে ১৩টি নো বল করা স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসেও ৩টি নো বল দেন। এতে আরও চাপে পড়ে প্রোটিয়া বোলিং লাইনআপ। এখন পর্যন্ত শান ৭৮ ও বাবর ৬০ রানে ব্যাটিং করছেন।