ব্রিসবেন ওপেন জিতে বছর শুরু সাবালেঙ্কার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

কদিন পরেই মাঠে গড়াবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। গত দুই আসর ধরে এই প্রতিযোগিতার শিরোপা জিতে আসছেন নারীদের নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা। হ্যাটট্রিক শিরোপা জেতার লক্ষ্যে নামার আগে গা গরমের টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল জিতে নিয়েছেন বেলারুশের এ তারকা। আজ ব্রিসবেন ইন্টারন্যাশনালের নারী এককের ফাইনালে তিনি হারিয়েছেন রাশিয়ার পোলিনা কুদেরমেতোভাকে।  

পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে মহাতারকা নোভাক জকোভিচকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রেইলি ওপেলকা। সেমির বাধা পেরিয়ে এসেছিলেন ফাইনালেও। কিন্তু কব্জির ইনজুরির কাছে হার মেনে প্রথম সেট শেষ না হতেই খেলা ছাড়তে বাধ্য হন। তাতে পুরুষদের শিরোপা জিতে নিয়েছেন ৪-১ গেমে এগিয়ে থাকা চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকা।

গতবছর ব্রিসবেন ওপেনে রানার্স আপ হয়েছিলেন সাবালেঙ্কা। এবার সেই ঘাটতি মিটিয়ে নিয়েছেন। সেই সঙ্গে জিতেছেন ক্যারিয়ারের ১৮তম শিরোপা। তবে ফাইনালের লড়াইয়ে প্রথম সেটে পোলিনার কাছে ৪-৬ গেমে হেরে বসেছিলেন তিনি। দ্বিতীয় সেটেও পোলিনা শুরু করেছিলেন দারুণভাবে। তবে এক পর্যায়ে ড্রপ শটের মধ্য দিয়ে ব্রেক সার্ভ করার মাধ্যমে খেলার মোড় ঘুরিয়ে দেন বিশ্বের নাম্বার ওয়ান। ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট জেতার পর শেষ সেটটিও নিজের করে নেন ৬-২ গেমে জিতে। পোলিনা অবশ্য জোর চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়াতে কিন্ত সাবালেঙ্কার ছাড় দেননি মোটেও।

বছরের প্রথম শিরোপা জিতে নেওয়ার পর সাবালেঙ্কা বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন খেলার আগে এই সপ্তাহ থেকে অনেককিছু নেওয়ার আছে আমার। মনে হচ্ছে আমার খেলার ধরন ঠিক আছে, মানসিক ও শারীরিক দুইভাবেই চাঙ্গা আছি। অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামার আগে এই ট্রফি জেতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ আগামী ১২ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে বছরের চার গ্র্যান্ড স্ল্যামের প্রথমটি অস্ট্রেলিয়ান ওপেন। পুরো প্রস্তুতি নিয়েই সেখানে নামবেন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত