সচিবালয়ের আগুনে পোড়া ৭ নম্বর ভবন খুলল ১১ দিন পর

আগুনে পুড়ে যাওয়ার ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবন। পাঁচটি ফ্লোর অফিস করার মতো উপযুক্ত থাকায় ভবনটি খুলে দেওয়া হয়েছে। ৯ তলা ভবনের ৫ তলা পর্যন্ত আপাতত চলবে অফিস। এই ফ্লোরগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সেখানে অফিস শুরু করেছেন।

গতকাল রবিবার সচিবালয়ের এই ভবনটি খুলে দেওয়া হয়। আগুন লাগার ঘটনার পর এদিনই কর্মকর্তাদের বহনকরা গাড়ি সচিবালয়ে প্রবেশ করে।  আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হয়নি।

ভবনটি ঘুরে দেখা গেছে, ৬ থেকে ৯ তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন।

ভবনটি খুলে দেওয়ার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান ঘুরে দেখেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরের সংস্কারকাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। এ সময়ের মধ্যে আমরা করে দিতে পারবও ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়াররা বলেছেন তারা ১০-১২ দিনের মধ্যে করে দিতে পারবেন। আমরা চেষ্টা করব, যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।’

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এ আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিও। আগুন নেভানোর কাজ করতে গিয়ে পানির সরবরাহ লাইন সংযোগ দেওয়ার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী ট্রাক চাপায় নিহত হন।

এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। প্রাথমিক প্রতিবেদনও দিয়েছে কমিটি। প্রতিবেদন অনুযায়ী, আগুনের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকা-ের সূত্রপাত বলে জানিয়েছে কমিটি।