অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকায় হতাশা প্রকাশ করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই হতাশা এবার কাটলো তার। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে ভিড়িয়েছে জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডারকে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, চোটে পড়া আসিফ হাসানের বদলি হিসেবে মোসাদ্দেক হোসেনকে নেওয়া হয়েছে। মোসাদ্দেক আজ সকালেই সিলেটে ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন। টানা তিন হারে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি তারা।

মোসাদ্দেক বিপিএলে এখন পর্যন্ত ৮৭ ম্যাচে ১২৮৭ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৫টি। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শিরোপাও জিতেছেন।