রিভারপ্লেতের উদীয়মান আর্জেন্টাইন তারকা ফ্রাংকো মাসতানতুওনোকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ দীর্ঘদিনের। তবে আর্জেন্টাইন ক্লাবটি জানুয়ারি ট্রান্সফারে তাদের তরুণ প্রতিভাকে ছাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তরুণ প্রতিভাদের দলে ভেড়ানো রিয়ালের পুরনো কৌশল। এভাবেই ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো কিংবা এনদ্রিকের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিলো তারা। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের এই তারকা ইতোমধ্যেই নিজের প্রতিভা দিয়ে নজর কেড়েছেন।
১৭ বছর বয়সী মাসতানতুওনো ২০২৬ সাল পর্যন্ত রিভারপ্লেতের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাবটি তাকে অন্তত ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত ধরে রাখার ব্যাপারে চেষ্টা করবে। ডায়েরিও এএসের দাবি অনুযায়ী রিয়াল মাদ্রিদ যদি জানুয়ারি দলবদলে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করে, তবে রিভার প্লেট তার ৪০ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজের পুরোটাই দাবি করবে। এমনকি এই অর্থের পরিমাণ বেড়ে ৪৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত নেওয়ার কথাও ভাবছে ক্লাবটি।
মাসতানতুওনো আগামী আগস্টে ১৮ বছর পূর্ণ করবেন। সে সময় তাকে বিক্রি করা সহজ এবং বাস্তবসম্মত হবে বলে মনে করছে রিভারপ্লেত। ডায়েরিও এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য গ্রীষ্মকালীন চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তবে জানুয়ারিতে কোনো চুক্তির সম্ভাবনা নেই। রিভারপ্লেতের ভাবনায় রয়েছে মাসতানতুওনো নিজের দেশেই আরও অভিজ্ঞতা অর্জন করে তারপর ইউরোপে পাড়ি জমাক। এ আর্জেন্টাইন প্রতিভাকে সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রিয় সাদা জার্সিতে দেখতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
বিরতি শেষে বিপিএল আজ দুটি কুঁড়ি একটি পাতার দেশে
তুষার ঝড় ছাপিয়ে ফুটবল উত্তাপে মাতল অ্যানফিল্ড