মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার নূরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

জানা যায়, সকালে সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুরের যাওয়ার পথে সিচনি এলাকায় সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আকরাম আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া নিহতদের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।