চকরিয়া

কিশোরীকে একা পেয়ে প্যারাবনে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকায় রাতের আঁধারে এক কিশোরীকে (১৮) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধের প্যারাবনে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা চলছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বাঁশখালী থেকে বাড়িতে যাচ্ছিল কিশোরী। কিন্তু বদরখালী সেতুর ওপর গাড়ি নষ্ট হয়েছে বলে  অটোরিকশাচালক তাকে নামিয়ে দেন। এরপর কিশোরী পায়ে হেঁটে সেতু পার হচ্ছিল।

এ সময় সেতুর পূর্ব অংশে দুইজন যুবক তার গতিরোধ করে। পরে আরেকজন যুবক এসে ছুরি ধরে তার মুখ চেপে ধরে বেড়িবাঁধের প্যারাবনে নিয়ে যায়। সেখানে চার থেকে আটজন যুবক মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রকীব-উর রাজাসহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীকে বদরখালী জেনারেল হাসপাতাল থেকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পুলিশ কিছু আলামত পেয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।