চকরিয়ায় কয়লার আগুনে শিশুর মৃত্যু, দগ্ধ বড় ভাই

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় কয়লার ইস্ত্রির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ১৩ বছর বয়সী ছোট ছেলে ওমর ফারুকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে বড় ছেলে আব্দুল্লাহ (১৬)। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
 
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা দিয়ে কাপড় ইস্ত্রি করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায়। এ সময় দুই ভাই দগ্ধ হয়। পরে ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয় এবং বড় ভাই আব্দুল্লাহকে গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
 
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
 
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত।
সর্বশেষ সর্বাধিক পঠিত