শাহজাদপুর 

‘চিৎকার করলে মেরে ফেলব’ মধ্যরাতে মুখোশ পরে ১০ ডাকাতের হানা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক বাড়িতে দুধর্ষ ডাকাতি হয়েছে। রবিবার গভীর রাতে ইউএস ডলার, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে উপজেলার নরীনা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গ্রিল ভেঙে হানা দেয় ১০ জনের ডাকাতদল। দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা বাড়িতে ঢুকে দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন, তার স্ত্রী সালমা খাতুনসহ ৬ জনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদের আটকে রেখে বাড়িতে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা, ১০ ভরি সোনা ও ১৩ হাজার মার্কিন ডলার নিয়ে যায়।

বাড়ির দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ৩টার দিকে ডাকাতরা মুখোশ পরে বাড়িতে ঢুকে সবাইকে বেঁধে ফেলে। এ সময় চিৎকার করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা। তারপর আলমারি ভেঙে টাকা, সোনার গয়না ও ডলার নিয়ে যায়।

খবর পেয়ে সোমবার সকালে শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির মূল মালিক আমেরিকায় থাকেন।