সারজিস আলম

যৌক্তিক সময়ে নির্বাচন হবে, চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি ঠিক করব

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের দেশ আর কোনো নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করবে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করবো। পৃথিবীর কোনো বহিঃশক্তি যদি আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের চেষ্টা করে তাহলে আমরা সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলব।

সোমবার (৬ জানুয়ারি) ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ে আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার চাই। ওই খুনি শেখ হাসিনা টুপ করে দেশে আসবে, তবে সে দেশে এসে সরাসরি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে যেতে হবে। বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময়ে নির্বাচন হবে। তবে তার পূর্বে এই খুনি হাসিনার বিচার, দেশে তার সিস্টেমগুলোর পরিবর্তন করে সংস্কার করতে হবে এরপরই নির্বাচন।

সারজিস আলম বলেন, যারা ক্ষমতার লোভে মানুষের রক্ত ও জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয়নি তাদের আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। এই দেশের মানুষের দিকে আর যদি কোনো শকুন দৃষ্টি দেয় তাহলে তার চোখ উপড়ে ফেলা হবে। হোক সে দেশের ভেতরে অথবা বাইরের কোনো শক্তি।

তিনি বলেন, আমরা একটি জুলাই অভ্যূত্থানের ঘোষণাপত্র দিয়েছি। সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জুলাই অভ্যূত্থানের স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানের লিপিবদ্ধ থাকতে হবে। সেই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে হবে। তাহলেই জুলাই আন্দোলনে শহীদদের আত্মার শান্তি পাবে।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সোহেল রানা। অন্যানের মধ্যে আরো বক্তব্যদেন হাসিব-আল ইসলাম, রিফাত রশীদ, আশরেফা, রাজেন্দ্র কলেজ শাখার প্রধান কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো: আরাফাত প্রমুখ।