বাছাই করা ডিলারশিপ ব্যবসা

ব্যবসার মধ্যে ডিলারশিপ ব্যবসা খুবই সফল আইডিয়া। যদি ভালো কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করা যায় তাহলে লাভবান হওয়া যায়। ঝুঁকিমুক্তভাবে সেসব ডিলারশিপ ব্যবসায় লাভবান হতে পারবেন জেনে নিন নানা ধরনের ডিলারশিপ ব্যবসা

ওষুধ : ওষুধের ডিলারশিপ ব্যবসা লাভজনক। তবে কোম্পানিভেদে এই কমিশন কম বেশি হয়। দেশে অসংখ্য ওষুধ কোম্পানি আছে। চাইলে ছোট-বড় নানা ওষুধের কোম্পানির ডিলারশিপ নিতে পারেন।

মিনারেল ওয়াটার : রেস্তোরাঁ, পার্টি সেন্টার, হাসপাতালসহ সব জায়গায় মিনারেল ওয়াটার ব্যাপক চাহিদা।  বর্তমানে মাম, ফ্রেশ, কিনলে, স্পা, মুক্তা, প্রাণসহ বিভিন্ন ব্র্যান্ডের মিনারেল পানির বোতল বাজারে পাওয়া যায়। আপনি এসব ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।

ইলেকট্রনিকস পণ্য : ডিলারশিপ ব্যবসার আইডিয়ার মধ্যে ইলেকট্রনিকস পণ্যের ডিলারশিপ অন্যতম। এটা লাভজনক ডিলারশিপ ব্যবসা। যে এলাকায় বসবাস করেন সেখানে পরিচিত কোনো ইলেকট্রনিকস কোম্পানির ডিলারশিপ নিতে পারেন। যেমন ওয়ালটন, ভিশন, সনি, মার্সেল, বেস্ট ইলেকট্রনিকস, প্যানাসনিক, হিটাচি, কনকা, এলজি ইত্যাদি কোম্পানি থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি চাইলে একাধিক কোম্পানির ডিলারশিপ নিয়েও ব্যবসা করা যায়। এর ফলে সবসময়ই কোনো না কোনো কোম্পানির পণ্য বিক্রি করে ব্যবসা চলমান রাখতে পারবেন।

প্রসাধনী পণ্য : দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় প্রসাধনী পণ্যের চাহিদা সব সময়ই থাকে। দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি বাংলাদেশে প্রসাধনী পণ্যের ব্যবসা করছে। আপনি চাইলে দেশি বা বিদেশি কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। বিখ্যাত কোম্পানির ডিলারশিপ নিলে আপনার মার্কেটিংয়ের ঝামেলা কম হবে। অপরিচিত কোম্পানির ডিলারশিপ নিলে মার্কেটিংয়ের কাজটা আপনাকেই করতে হবে।

গ্যাস সিলিন্ডার : নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি হলো গ্যাস সিলিন্ডার। আপনি চাইলে কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে পারেন। এই ব্যবসা অনেক লাভজনক। সব সময়ই ব্যবসা চলমান থাকবে। পরিচিতি যত বাড়বে ব্যবসার প্রসারও তত বাড়বে।

গাড়ির পার্টস : গাড়ির পার্টসের কোম্পানির সঙ্গে যোগাযোগ করে শুরু করে দিতে পারেন গাড়ির পার্টসের ব্যবসা। ইয়ামাহা, হোন্ডা, টয়োটা, নিশান ও হুন্দাই ইত্যাদি কোম্পানির গাড়ির চাহিদা বাংলাদেশে বেশি, তাই এসব কোম্পানির গাড়ির পার্টসের ডিলারশিপ নিতে পারেন। গাড়ির পার্টসের ডিলারশিপে কমিশনও ভালো পাওয়া যায়।

বেভারেজ ডিলারশিপ : ডিলারশিপ ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে বেভারেজ ডিলারশিপ অনেক জনপ্রিয়। কারণ বেভারেজ এমন একটি পণ্য, যার চাহিদা অনেক। কোকাকোলা, পেপসি, সেভেনআপ, প্রাণ ফ্রুটো, ক্লেমন, ফিজআপ, টাইগার, স্পিডসহ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বেভারেজ আমাদের দেশে খুব বেশি চলে। কোম্পানি থেকে ডিলার কমিশনও ভালো পাওয়া যায়।

প্লাস্টিক সামগ্রী : প্লাস্টিক সামগ্রীর ব্যবহার দেশে অনেক। কারণ প্লাস্টিক পণ্য দামে সস্তা এবং টেকসই। দেশে প্লাস্টিক পণ্যের বড় প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে আরএফএল। এ ছাড়াও বেঙ্গল প্লাস্টিক, গাজী ট্যাংক, সানওয়াহ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আজাদ ইন্ডাস্ট্রিজ, প্যাক পলিমার, মডার্ন প্লাস্টিক অ্যান্ড পিভিসি পাইপসহ বিভিন্ন কোম্পানি আছে, প্লাস্টিক পণ্য তৈরি করে থাকে। আপনি চাইলে এসব কোম্পানি থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এসব পণ্যের ডিলার কমিশনও ভালো।