সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রলীগ নেতা আটক

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মাহফুজুর রহমানকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত রবিবার রাতে বকশীগঞ্জ পৌরশহরের মালিরচর নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল সোমবার সকালে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার মাহফুজুর রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সেইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে পৌরশহরের মালিরচর নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী উঠান বৈঠক চলছিল। এমন সময় ওই বৈঠকে এসে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান। পরে তাকে চিনতে পেরে আটক করে স্থানীয় ছাত্র-জনতা। ওই উঠান বৈঠকে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে কি না, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের একটি উঠান বৈঠকে যোগ দেন মাহফুজুর রহমান। ছাত্র-জনতা তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। পরে গত ৪ আগস্টের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’