নাচ-গানের পাশাপাশি মডেলিংও করতে চান রোদেলা

শৈশব থেকেই গান ও নাচের প্রতি তার ভীষণ আগ্রহ। সেই আগ্রহ থেকেই ছোট্ট থেকে লুকিয়ে লুকিয়ে গান গাইতেন এবং সেগুলো রেকর্ড করে রাখতেন। একদিন কাকতালীয়ভাবে সেই রেকর্ডগুলো মায়ের হাতে পড়ে যায়। এরপর গানের প্রতি তার এই আগ্রহ দেখে গান নিয়ে বসেন। সেই বসা থেকে এখন পাঁচ গানের গায়িকা তিনি। বলছি মিষ্টি কণ্ঠের মার্জিয়া বুশরা রোদেলার কথা। তার আরেকটি পরিচয় তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির বড় মেয়ে। 

এগারো বছর বয়সে প্রথম গান উন্মুক্ত করেন রোদেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি দিয়ে সংগীতে যাত্রা শুরু হয় তার। এরপর এখন পর্যন্ত পাঁচটি গান প্রকাশ হয়েছে তার।

Rodela

সদ্যই উন্মুক্ত হয়েছে তার নতুন গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় গানটির সুর করেছেন এহসান রাহী এবং সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানের পাশাপাশি গানের ভিডিওতে নৃত্য পরিবেশনও করেছেন রোদেলা। 

দেশ রূপান্তরকে মার্জিয়া বুশরা রোদেলা বলেন, ‘এটি আমার পঞ্চম গান। গানটি করার সময়ে আমার কিছুটা জড়তা ছিল। কোনোভাবেই গানের কথাগুলো অনুভব করে গাইতে পারছিলাম না। সেতু আংকেল আমাকে বুঝিয়ে দিলেন, এরপর আমি আমার মতো করে চেষ্টা করেছি। আর আমি যেহেতু নাচও করি তাই চেয়েছিলাম গানটিতে নাচ রাখার জন্য এবং সেই নাচে একটা হুক স্টেপ রাখারও ইচ্ছা ছিল। এবং সেটাই করেছি। মাত্রই তো রিলিজ হলো। তবুও অনেকেই গানটি পছন্দ করেছেন, ভিডিও পছন্দ করেছেন। নিজেদের ভালো লাগা শেয়ার করছেন। কেউ কেউ তো এমনও বলছেন যে, ‘ন্যান্সির স্মার্ট মেয়ে, স্মার্ট উপস্থাপন’। ভালোই লাগছে।’

Rodela

গানের পাশাপাশি নাচ এবং মডেলিংয়েও যুক্ত থাকতে চান বলে জানালেন রোদেলা। তার ভাষ্যে, ‘আমি তো গান, নাচ দুটিই করি। আমার কাছে অনেক ভালো লাগে। সেই সঙ্গে মডেলিং করারও ইচ্ছে আছে। এই অঙ্গনের সব মাধ্যমেই কাজ করতে চাই।’

রোদেলাকে নিয়ে তার মা ন্যান্সির ভাষ্য, ‘যদি মা হিসেবে বলি, তাহলে বলব তার এই নতুন গানটি অসাধারণ হয়েছে। কিন্তু যদি একজন শ্রোতা হিসেবে বলি তাহলে, আগের চেয়ে অনেক ই¤প্রুভ করেছে এবং বেশ ভালো করেছে। ও সবসময় ওর মতো করেই থাকতে চায়। আমি তাকে সেই স্বাধীনতাটুকু দিয়েছি। ও যেভাবে দিন দিন নিজেকে ইম্প্রুভ করছে আমার বিশ্বাস সে সামনে আরও অনেক ভালো কিছু করবে এবং অনেক দূর যাবে।’

রোদেলা এখন এ লেভেলে পড়ছে। এর আগে তার প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রজাপতি প্রজাপতি’, হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’, ‘আমি উড়ে যেতে চাই’ ও ‘বাধাহীন মনের গল্প’।