‘আলাদা মানেই বিচ্ছেদ নয়’

আড়াল ভেঙে ভোল পাল্টালেন ন্যান্সি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

দিনভর উধাও থাকার পর দিনশেষে সন্ধান মিলল কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ফেসবুক থেকে বিয়ে বিচ্ছেদের স্ট্যাটাস সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে এই গায়িকা বললেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, অবশ্যই তার কারণ রয়েছে।’

ন্যান্সি জানান, স্ট্যাটাসে আলাদা হওয়ার কথা বললেও সেটিকে বিবাহবিচ্ছেদ হিসেবে উপস্থাপন করা হবে, তা তিনি ভাবেননি। তার ভাষায়, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে আমাদের আলাদা হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি। যাতে এটা নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’

ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণ জানিয়ে এই সংগীতশিল্পীর ভাষ্য, ‘স্ট্যাটাস মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল। এ কারণে অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি।’

তবে স্বামী থেকে আলাদা থাকলেও তাদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি উল্লেখ করে গায়িকার মন্তব্য, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

প্রসঙ্গত, বুধবার (২৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লিখেছিলেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তার এই পোস্টের পরই স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পরে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত