অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৮ জন আটক

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাবাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সনাতন ধর্মীয় একই পরিবারের ৫ জন ও ৩ সহযোগীসহ ৮ জনকে আটক করেছে বিজিবি ২৯ ব্যাটালিয়ন। ৩ সহযোগীর মধ্যে একজন দুই দেশের দ্বৈত্য নাগরিক ও ২জন স্থানীয় দালাল। 

সোমবার (৬ জানুয়ারি) সীমান্ত পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ ভেতরে বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর উপজেলার অভ্যন্তরে চাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সনাতন ধর্মীয় একই পরিবারের আটক পাঁচজন সদস্য হলেন— বগুড়ার সাবগ্রাম মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শ্রী মংলা চন্দ্র দেবনাথ (৫২), তার ৩ ছেলে শ্রী গনেশ চন্দ্র দেবনাথ  (৪০), শ্রী সোহাগ (৩১), শ্রী বুদা চন্দ্র দেবনাথ (৩৫), সাথে বুদা চন্দ্রের ছেলে শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ (১৬), এছাড়াও ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের মোতালেব হোসেনের ছেলে কামরুজ্জামান হিটলার (৩৫)। 

অবৈধকাজে  স্থানীয় সহায়তাকারী চাপড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে মমিনুর রহমানকে (৩২) আটকের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারতে পলায়নকৃত একই গ্রামের কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমানকে (৩২) ভারতের ৬১ ব্যাটালিয়ন বিএসএফের দিঘীপাড়া ক্যাম্পের বিএসএফ টহলদলের সহায়তায় আটক করা হয়।

আটক আসামিদের কাছ থেকে ৫টি মোবাইল, ৮টি ভারতীয় সিমকার্ড, ৮টি বাংলাদেশী সিমকার্ড, একটি মোবাইল চার্জার, ৪টি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড এবং একটি ভারতীয় প্যানকার্ড জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম।