সুনামগঞ্জ

সাবেক মেয়রসহ আ. লীগের ৫ নেতার ২ দিনের রিমান্ড

সুনামগঞ্জে ৪ আগস্টে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও  সাবেক পৌর মেয়রসহ ৫ নেতার ২দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল ও ছাত্রলীগ কর্মীর মসিবুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সে সময় প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। কেন এই হামলা মূলত তার কারণ জানতেই আজকে আদালত ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ২৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন। তবে আজকে আদালত তাদের যে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সেটা আসলেই আমরা মেনে নিতে পারছি না।

গত ৪ আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক  শিক্ষার্থীর ভাই  হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর জামিন পান এম এ মান্নান।