সুনামগঞ্জ সদর হাসপাতালে শয্যা সংকট, রোগিদের ভোগান্তি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

ধারণক্ষমতার চারগুণ রোগী ভর্তি নিয়ে চরম সংকটে পড়েছে সুনামগঞ্জ সদর হাসপাতাল। হাসপাতালটি ২৫০ শয্যার। তবে এখানে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে হাজারের বেশি রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

ভর্তি রোগীদের অভিযোগ, হাসপাতালে ঠিকমতো খাবার মিলছে না। যে খাবার দেওয়া হচ্ছে তাও অস্বাস্থ্যকর। প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে মিলছে না, বাইরে থেকে কিনতে হচ্ছে। বাথরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুরের সুজেদা বেগম বলেন, আমার বাচ্চার জ্বর ও বমি নিয়ে  হাসপাতালে এসেছি। হাসপাতালে ওষুধ নেই, বাইরে থেকে কিনতে হয়। খাবারের মান ভালো না। বেড পাইনি। তিনদিন ধরে মেঝেতে আছি।

দিরাই উপজেলার ফয়সল বলেন, আমার বাচ্চার সর্দি-কাশি। ৮ দিন ধরে আছি। ভাতের কষ্ট, ওষুধ নাই। এখন আরেকটা বাচ্চাও অসুস্থ হয়েছে। বাথরুমে গন্ধ। এর মাঝে সিরিয়াল ধরে বাথরুম করতে হয়। তিন বেলার মধ্যে এক বেলা খাবর দেয়, সকালের নাস্তা দেয় না। হাসপাতাল ছেড়ে অন্য কোথাও চিকিৎসা নেয়ার কথা ভাবছি।

দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার ইকবাল হোসেন বলেন, আমার ভাগ্নি হামে আক্রান্ত। কেবিন নেই, বারিন্দায়  নিয়ে আছি। অতিরিক্ত রোগীর চাপে ঠিকমত চিকিৎসা হচ্ছেনা। খুব কষ্টে আছি।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, রোগীদের চাপে আমরা হিমশিম খাচ্ছি। বেশিরভাগ শিশু রোগী।  হামে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।  আমাদের জনবল দিয়ে এত রোগী সামলানো কঠিন হয়ে পড়ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত