একাদশে ফিরতে গ্লাভস পরলেন শান্ত

একে তো ইনজুরি, তার ওপর ফর্মের ঘাটতি। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টিতে মোটেও সুবিধা করতে পারছেন না। কদিন আগে ছেড়ে দিয়েছেন এ ফরম্যাটের অধিনায়কত্ব। আজ আরও একটি নতুন রূপে আবির্ভুত হলেন তিনি। বরিশালের উইকেটকিপার হিসেবে খেলতে নেমেছেন শান্ত।

নিজেদের দ্বিতীয় ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এরপর গতকালের ম্যাচে প্রীতম কুমারকে দিয়ে কিপিংয়ে দায়িত্ব সেরে নেয় বরিশাল। ওই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে হয়  শান্তকে। ব্যাটিংয়ে ভালো না করায় আজকের সিলেটের বিপক্ষে ম্যাচে শান্তকে একাদশে ফেরানো হয়েছে। সেই সঙ্গে জুটেছে কিপিংয়ের বাড়তি দায়িত্ব।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিপার হিসেবে কোনো ম্যাচ তিনি শুরু করেননি। অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে সাদা বা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না। ক্যারিয়ারের অভিজ্ঞতার ঝুলিতে নতুন পালক যুক্ত করলেন কিপার শান্ত।