যাত্রাবাড়ীতে অজ্ঞাত যুবকের রগকাটা লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে এক অজ্ঞাত যুবকের রগকাটা (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় পাকা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাম পা, বাম হাতের রগকাটা। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল কালো শার্ট, কোর্ট ও প্যান্ট।