লক্ষ্মীপুর সদর উপজেলার শিমুলতলী বাজার এলাকায় ও বাড়ির সামনের দেয়াল লিখনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এলাকায় গিয়ে দেখা যায়, দোকানের দেয়াল লেখা ‘সমন্বয়ক মৃত্যুর প্রস্তুতি হও’।
জানা গেছে, ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া আরও লেখা রয়েছে বিভিন্ন দেয়ালে জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বায়েজিদ হোসেনের গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে মোটরসাইকেলযোগে মহড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ছাত্র প্রতিনিধি মো. পারভেজ বলেন, দুদিন আগে রাতে আঁধারে আমাদের এলাকা জুড়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন দেয়াল লিখে। এর মধ্যে এক জায়গায় আমাদের হত্যার হুমকি দেয়। এরপর থেকে আমরা শঙ্কায় রয়েছি।
বায়েজিদ হোসেন বলেন, গত ২দিন আমি বাড়ি ছিলাম না। রাতে আঁধারে কারা নাকি বাড়ির সামনে এসে ঘুরে যায়। গতকাল রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন আমার ঘরের সামনে আসে। আমি বের হতেই তারা পালিয়ে যায়।
উভয় ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানান তারা।
ছাত্র সমন্বয়ক আরমান হোসেন বলেন, দুটি ঘটনাই আমাদের জন্য হুমকি স্বরুপ। এর আগেও বিভিন্ন মাধ্যমে আমাদের ছাত্র প্রতিনিধিদের হুমকি ধমকি প্রদান করা হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
নাম প্রকাশ না করার শর্তে টুমচর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানান, বেশ কয়েকটি স্কুলে আওয়ামী লীগ, জয় বাংলা ও সমন্বয়কদের হত্যার হুমকি দিয়ে দেয়াল লিখন হয়। তিনি তার স্কুলে দেয়াল লিখনটি মুচে ফেলেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোপনে কিছু দেয়াল লিখন হয়েছে। আমাদের টিম কাজ করছে। যারা এগুলো লিখেছে তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি, আমাদের টিম এই বিষয়ে কাজ করছে।