লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করা একটি ট্রাককে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরে ওই চালককে সংকেত অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ছয়জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক না থামিয়ে পালানোর চেষ্টা করেন।
পরে তাকে পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছেন। আইন অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের লাইসেন্স না থাকায় ছয় হাজার টাকা এবং একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল চালককে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।