পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তারকা ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে টানার চেষ্টা করছে। তবে জানুয়ারিতেই তাকে দলে ভেড়ানো কঠিন হবে, কারণ ফ্রাঙ্কফুর্ট বুন্দেসলিগায় চ্যাম্পিয়নস লিগের জায়গা ধরে রাখার জন্য লড়াই করছে।
ফ্রাঙ্কফুর্ট বর্তমানে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, যা চ্যাম্পিয়নস লিগের সরাসরি কোয়ালিফাইয়ের শেষ স্থান। তারা এখন পর্যন্ত মাত্র একবার, ১৯৬০ সালের পর, ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলেছে—সেটি ছিল দুই মৌসুম আগে।
সিটি মারমুশের প্রতিভায় মুগ্ধ হলেও ফ্রাঙ্কফুর্টের প্রধান কোচ ডিনো টপমোলার তার শীর্ষ গোলদাতাকে ছাড়তে চান না। মারমুশ এ মৌসুমে বুন্দেসলিগায় ১৩টি গোল করেছেন, যা বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ।
২৫ বছর বয়সী এই মিশরীয় স্ট্রাইকার মূলত একজন নম্বর ৯ হলেও, তিনি উইং কিংবা নম্বর ১০ পজিশনেও খেলতে পারেন। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ফ্রাঙ্কফুর্টের হয়ে তিনি করেছেন ১৮টি গোল। তবে আন্তর্জাতিক মঞ্চে তার পরিসংখ্যান কিছুটা ম্লান—৩৫টি ম্যাচে করেছেন মাত্র ৬টি গোল।
মারমুশকে দলে ভেড়াতে সিটির প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হতে পারে। এর আগে গ্রীষ্মে তারা জুলিয়ান আলভারেজকে ৮২ মিলিয়ন পাউন্ডে আতলেটিকো মাদ্রিদে বিক্রি করেছিল, তবে এখন পর্যন্ত তার বিকল্প কোনো ফরোয়ার্ড কিনতে পারেনি।
ম্যানচেস্টার সিটির প্রধান স্ট্রাইকার আর্লিং হালান্ড সম্প্রতি ফর্মে ফিরেছেন। আগের সাত ম্যাচে মাত্র একবার স্কোর করলেও, শেষ দুই ম্যাচে তিনটি গোল করেছেন। তবে মারমুশকে দলে আনতে পারলে গার্দিওলা হালান্ডকে প্রয়োজনীয় বিশ্রাম দিতে পারবেন এবং প্রয়োজনে ভিন্ন কৌশলে দল সাজাতে পারবেন।