টটেনহ্যামে আরও এক বছর সন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনকে ধরে রাখার পথে আরেকটি ধাপ এগিয়ে গেল টটেনহ্যাম হটস্পার। ক্লাবটি তার চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর ধারা কার্যকর করেছে, ফলে ২০২৬ সালের জুন পর্যন্ত উত্তর লন্ডনের এই ক্লাবেই থাকছেন সন। 

২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেওয়া সন ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৩১ ম্যাচে মাঠে নেমেছেন। করেছেন ১৬৯টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯০টি গোল। তার পারফরম্যান্সের ধারাবাহিকতাই তাকে আজ টটেনহ্যামের অধিনায়কের দায়িত্বে এনেছে। 

চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও টটেনহ্যাম নতুন ধারা কার্যকর করে নিশ্চিত করল, ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবের জার্সি পরেই খেলবেন এশিয়ার ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়। 

সন হিউং-মিন শুধু টটেনহ্যামের নয়, পুরো এশিয়ার ফুটবলেরও আইকন। প্রিমিয়ার লিগে এশিয়ার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল তার দখলে। এমনকি সব সময়ের সেরা গোলদাতাদের তালিকাতেও তিনি আছেন শীর্ষ ২০ জনের মধ্যে। 

জাতীয় দলের হয়ে সন ইতোমধ্যেই খেলেছেন ১৩১টি ম্যাচ। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে তিনি ছিলেন দক্ষিণ কোরিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টটেনহ্যাম তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে লিভারপুলের। লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবারের এই ম্যাচে সনকে নিয়ে বাড়তি আত্মবিশ্বাসী থাকবে উত্তর লন্ডনের ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত