গেম খাতের ৩ চমক

২০২৫ সাল হতে পারে গেম খাতের জন্য গুরুত্বপূর্ণ এক বছর। কিছু গেম প্রকাশের ওপর ভিত্তি করে ঘুরে দাঁড়াতে পারে এই খাত। এমনটাই ধারণা করছেন প্রযুক্তিবোদ্ধারা। গেম খাতে যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে তা নিয়ে লিখলেন  মো. মনিরুজ্জামান

গ্র্যান্ড থেফট অটো ৬

অ্যাকশন গেম গ্র্যান্ড থেফট অটো ৬ বা জিটিএ ৬ প্রকাশের জন্য অপেক্ষা করছেন বিশ^ জুড়ে লাখ লাখ গেমার। গেমটির আগের সংস্করণ জিটিএ ৫ প্রকাশের ১২ বছর পর আগামী শরতে মুক্তির কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এ গেমের। এর আগে অবশ্য বিভিন্ন তারিখ ঘোষণা হলেও বারবার পিছিয়েছে। এরই মধ্যে প্রকাশিত গেমটির ট্রেইলার ভেঙেছে কয়েকটি রেকর্ড। গত ডিসেম্বরে প্রকাশিত ট্রেইলারটি মাত্র ২৪ ঘণ্টায় নয় কোটি ভিউ সংগ্রহ করে। মুক্তির পর গেমটির আরও কিছু রেকর্ড ভাঙতে পারে।  ‘গেমটির জন্য মানুষের প্রত্যাশা পরিমাপ করা অসম্ভব।’ বলেছেন গেম বিষয়ট সাইট গেম ইন্ডাস্ট্রি ডটবিজ-এর এডিটর-ইন-চিফ জেমস ব্যাচেলর। ‘এটি নিঃসন্দেহে সর্বকালের সবচেয়ে বড় গেম রিলিজগুলোর অন্যতম হতে যাচ্ছে।’ দুই প্রোটাগনিস্ট ও মার্কিন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত কাল্পনিক শহর লিওনিডার কিছু দৃশ্যের বাইরে নতুন গেম সম্পর্কে তেমন কিছুই প্রকাশ করেনি জিটিএ সিরিজের নির্মাতা স্টুডিও রকস্টার। বেশিরভাগ ভক্তের মনে বড় প্রশ্ন হলো গেম প্রকাশের তারিখ আবার পেছাবে কি না, যেমনটি রকস্টারের আগের বড় টাইটেলের বেলায় হয়েছে।

নতুন নিনতেনদো সুইচ

নিনতেনদোর পরবর্তী কনসোল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে যা জানা গেছে তা হলো এটি সত্যিই আসছে। বর্তমান সুইচ কনসোলের গেম এতে কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। এখন পর্যন্ত এর আনুষ্ঠানিক নামকরণও হয়নি। তবে ভক্তরা এটিকে নিনতেনদো সুইচ ২ বলে ডাকছে। বিভিন্ন গুজব সত্ত্বেও এ মেশিনের সক্ষমতা রহস্যই রয়ে গেছে এবং কোম্পানিটি মার্চের শেষ নাগাদ এ বিষয়ে কিছু আনুষ্ঠানিক ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একটি ধারণা রয়েছে যে নিনতেনদো আসল সুইচে অনেক বড় পরিবর্তন আনতে চাইবে না। ২০১৭ সালে প্রকাশের পর এটি অন্তত ১৪ কোটি ৬০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। বিশেষজ্ঞ জেমস যুক্তি দিয়েছেন, এমন ধারণার পেছনের কারণ মূলত প্রথম সুইচের জন্য তৈরি করা গেম এটিতে খেলতে পারার বিষয়টি। এটিই পরামর্শ দেয় যে নতুন কনসোলে আগের থেকে অনেক পরিবর্তন না হাওয়ার সম্ভাবনাই বেশি। এ কৌশলের একটি বিপদ রয়েছে বলেও জানান জেমস। গ্রাহকদের বাড়িতে থাকা কনসোলের সঙ্গে নতুন কনসোলের পার্থক্য অনেকেই বুঝতে পারবেন না।

ইস্পোর্টস অলিম্পিকস

২০২৫ সালে গেম খাতে দেখার মতো আরেকটি বড় মুহূর্ত হতে চলেছে অলিম্পিক ইস্পোর্টস গেমস। এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে। ‘আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ কারণ, অলিম্পিক প্রথাগতভাবে ইস্পোর্টসের প্রতি তেমন অগ্রহী ছিল না।’ বলেছেন ‘ভিডিও গেম ইন্ডাস্ট্রি মেমো’ নামের নিউজলেটারের পরামর্শদাতা ও লেখক জর্জ অসবর্ন। বছরের পর বছর প্রচারণা চালানোর পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেমিং সংস্করণ আয়োজন করার জন্য সৌদি আরবের সঙ্গে ১২ বছরের চুক্তি করে বলে লিখেছে বিবিসি। ২০২৪ সালের গ্রীষ্মে প্রথমবারের মতো ইস্পোর্টস বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দেশটিতে। তবে জর্জের মতে, এ আয়োজন ব্যাপক আকারে দর্শকদের টানতে পারেনি। ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং অলিম্পিক মুভমেন্টের আনুষ্ঠানিক ব্র্যান্ডিং আলাদা কোনো প্রভাব তৈরি করবে কি না সেটিই দেখার বিষয় হবে।’ বলেছেন জর্জ। সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের প্রতিবাদে কিছু ভক্ত, খেলোয়াড় এবং ধারাভাষ্যকার ইস্পোর্টস বিশ^কাপ বয়কট করেন। জর্জ আরও বলেন, ইস্পোর্টস অলিম্পিক ‘স্পোর্টস ওয়াশিং’ সম্পর্কে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। ‘স্পোর্টস ওয়াশিং’ হলো একটি ধারণা যে সৌদি আরব বিশাল সম্পদ ব্যবহার করে খেলাধুলা ও বিনোদনে বিনিয়োগ করে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করতে চায়, তবে দেশটি বরাবর এটি অস্বীকার করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। ‘এটি বেশ অদ্ভুত এক পরিস্থিতি।’ বলেন জর্জ। ‘আলাদা অলিম্পিক আয়োজন ইস্পোর্টসের জন্য বিশাল এক মুহূর্ত। এটি সত্যিই আকর্ষণীয়। কিন্তু সৌদি আরব অর্থায়ন করেছে বলেই এটি সম্ভব হয়েছে।’