প্রযুক্তিপ্রেমীদের গত বছর বেশ উল্লেখযোগ্য। স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়েছে। অ্যাপল ও স্যামসাংয়ের ফোনে প্রতিষ্ঠান দুটির নিজস্ব ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ও ‘গ্যালাক্সি এআই’ ব্যবহার শুরু হয়েছে। আগামীতেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী। ২০২৫ সালে দেখা যাবে গ্যাজেটে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিনতেনদো সুইচ টু : নিনতেনদো ২০২৫ সালের মার্চের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে। আগের মডেলটি ২০২১ সালের অক্টোবরে বাজারে এসেছিল। ধারণা করা হচ্ছে, এবার ডিসপ্লে হবে ৮ ইঞ্চির। এবারও হাইব্রিড কনসেপ্টেই আসতে পারে সুইচ। অর্থাৎ কনসোল ও পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। জয়স্টিকগুলো ম্যাগনেটিক হতে পারে।
স্যামসাং এআর গ্লাস : স্যামসাং ২০২৫ সালে বাজারে এআর গ্লাস আনতে পারে। বিশ্লেষকদের ধারণা, স্যামসাং চেষ্টা করছে বড় আকারের ডিভাইস তৈরি না করে শরীর ও ফ্যাশনের সঙ্গে মানানসই কিছু নিয়ে আসার। এআই অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়ে অন্যান্য গ্যাজেটের পাশাপাশি স্বতন্ত্র কাজ করানোর অপেক্ষায় স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ : ২০২৫ সালে গ্যালাক্সি এস২৫ বাজারে আসবে ধরে নেওয়া যায়। এতে নিরবচ্ছিন্ন সফটওয়্যার আপডেট থাকবে। এতে ব্যবহার করা হবে উন্নত স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট। এআই প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে বিক্সবি এআই।
১১ প্রজন্মের আইপ্যাড : আইপ্যাডে একক আধিপত্য ধরে রেখেছে অ্যাপল। ২০১০ সালে প্রথম চালু হওয়া আইপ্যাড এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ডিভাইস যুক্ত করেছে। যার সর্বশেষ সংস্করণ ‘আইপ্যাড মিনি’। সাম্প্রতিক সময়ে আইপ্যাড লাইনআপে কিছু নতুন মডেল যুক্ত হয়েছে, সর্বশেষ মূল মডেলটির আপডেট হয় ২০২২ সালে। তখন ১০ প্রজন্মের আইপ্যাড বাজারে আসে। ধারণা করা হচ্ছে, আইপ্যাড সিরিজে নতুন ডিভাইস যোগ করার সময় এসে গেছে।
অ্যাপল ম্যাকবুক প্রো : অ্যাপল প্রতিটি পণ্য প্রতি বছর নতুনত্ব নিয়ে আসে। বাজারে পাওয়া যাচ্ছে ম্যাকবুক প্রো (এমফোর)। আগামী বছর আসতে পারে ম্যাকবুক প্রো (এমফাইভ)। তবে ডিজাইনে খুব বেশি পরিবর্তন নাও আসতে পারে। এমন হতে পারে প্রসেসরে পরিবর্তন। আসবে ব্যাটারি ব্যাকআপ ও নতুন ফিচার।
এক্সবক্স অ্যাডাপ্টিভ জয়স্টিক : শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য গ্যাজেট ব্যবহার উপযোগী করতে কয়েক বছর ধরে কাজ করছে মাইক্রোসফট। এক্সবক্স অ্যাডাপ্টিভ কন্ট্রোলারের মধ্য দিয়ে শুরু করে প্রতিষ্ঠানটি, যা আলাদা ব্যবহারকারীর জন্য কাস্টমাইজ করে নেওয়া যায়। একই ধরনের জয়স্টিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মাইক্রোসফট। এটি এক্সবক্স কনসোল বা পিসি সংযুক্ত হয়ে অন্যান্য কন্ট্রোলারের সঙ্গে কাজ করবে। সুবিধা অনুযায়ী এর বাটনগুলো থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে বানিয়ে নেওয়া যাবে এবং প্রয়োজন মতো কাজ করা যাবে।
পিক্সেল ওয়াচ ৪ : গত কয়েক বছর গুগল তাদের স্মার্ট গ্যাজেটে বেশ পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে পিক্সেল স্মার্টফোন, পিক্সেল বাডস ইয়ারফোন এবং পিক্সেল ওয়াচ সিরিজ। গুগল পিক্সেল ওয়াচ সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। যার শেষ সংস্করণ পিক্সেল ওয়াচ ৩। ধারণা করা হচ্ছে, এ বছর পিক্সেল ওয়াচ ৪ বাজারে আসতে পারে।