ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে নিষিদ্ধ যানের দাপটে সড়কে দুর্ঘটনা থামছে না। সড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের মাজার মোড় থেকে উপজেলার ভাসা মাদ্রাসা পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। এই অংশে রয়েছে অন্তত ২০টি ছোট-বড় বিপজ্জনক বাঁক ও অধিক ঝুঁকিপূর্ণ স্থান। এসব স্থানে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে নিষিদ্ধ থ্রি হুইলার যানে (তিন চাকার যান)। এসব নিষিদ্ধ যান কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ভটভটির মতো যানবাহন। দুর্ঘটনার এক-চতুর্থাংশের বেশি সংশ্লিষ্টতা রয়েছে এসব যানবাহনের।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন তথ্যমতে, ২০২২ সাল থেকে চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত মহাসড়কের ঈশ্বরগঞ্জের বিভিন্ন সড়কে ২৩১টি দুর্ঘটনা ঘটেছে। এতে মোট আহত হয়েছেন ৩২৫ জন এবং নিহত হয়েছেন ৬ জন। তবে সরকারি এই হিসাবের চেয়ে বাস্তবে আহত ও নিহতের সংখ্যা আরও বেশি বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ গত (বৃহস্পতিবার) ১৯ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ মোকাম সংলগ্ন বাঁকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ ২ জন আহত হয়। এর আগে গত ৫ অক্টোবর রাতে মহাসড়কের চরহোসেনপুর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাকিল (২৬) নামে একজন নিহত হন। এ সময় আরও ২ জন আহত হন।
মহাসড়কের বিভিন্ন জায়গায় দেখা গেছে, সড়কের দুই পাশ দখল করে রাখা হয়েছে অবৈধ করাতকলের গাছের গুঁড়ি ও ইট-বালি। ফলে রাস্তার ধার ছেড়ে মূল সড়কেই চলছে ইজিবাইক, অটোরিকশা। মহাসড়কটিতে উল্টো পথেও চলে এসব যানবাহন। পৌর বাজারে মহাসড়কের ওপরই গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। মহাসড়কের অন্যান্য এলাকার চিত্রও প্রায় একই।
বন্ধন পরিবহনের চালক আজিজুল হক বলেন, ‘তিন চাকার যানবাহনের ক ারণে মহাসড়কে বাস, ট্রাক বিপদে পড়ে। এগুলোর সংকেতবাতি নেই। হঠাৎ করেই সড়কে গাড়ি ঘুরিয়ে ফেলে। এতে দুর্ঘটনা ঘটে। আবার সামান্য ধাক্কায় এসব যানবাহন ভেঙেচুরে মানুষ মারা যান। এছাড়া এসব তিন চাকার গাড়িই যানজট বেশি তৈরি করে।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘মহাসড়কের সঙ্গে গ্রামীণ সড়কগুলো মিশে যাওয়া, স্কুল-কলেজ, হাসপাতাল ও স্বল্প দূরত্বে যাতায়াতে মহাসড়কে অন্য বাহন না থাকায় ইজিবাইক, অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন চলছে। ফলে শাস্তিমূলক ব্যবস্থা নিলেও কাক্সিক্ষত মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।’
ইউএনও এরশাদুল আহমেদ বলেন, ‘আমি ঈশ্বরগঞ্জ উপজেলায় নতুন যোগদান করেছি। এখানকার এলাকাগুলো পরিদর্শনের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে কাজ করব।’