ভারত-অস্ট্রেলিয়ার ঘটনাবহুল সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় জসপ্রিত বুমরার সঙ্গে লেগে গিয়েছিল স্যাম কনস্টাসের। তিনি ভারতীয় পেস তারকাকে উত্যক্ত করছিলেন। একপর্যায়ে উসমান খাজাকে আউট করে বুমরা তেড়ে যান কনস্টাসের দিকে। এবার এই ঘটনার দায় স্বীকার করলেন অজি ওপেনার।
সেটা ছিল দিনের শেষ ওভার। বুমরা বোলিং করার প্রস্তুতি নিতেই উসমান খাজা তাকে অপেক্ষা করতে বলেন। আসলে খাজা সময় নষ্ট করতে চাইছিলেন, যাতে শেষ বেলায় কোনো বিপদ না হয়। বুমরা এসময় খাজাকে কিছু একটা বলেন। হঠাৎ করে তাদের মাঝে ঢুকে পড়েন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা কনস্টাস। তিনি রীতিমতো বুমরাকে স্লেজিং করতে শুরু করেন, যা থামাতে খাজাকেও এগিয়ে আসতে হয়।
দিনের শেষ বলে উসমান খাজাকে আউট করে দেন বুমরা। এরপর তেড়ে যান কনস্টাসের দিকে। আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহিদ আর ভারতের কয়েকজন ক্রিকেটার পরিস্থিতি সামলান। সিডনটি টেস্ট জয়ের দুই দিন পর কনস্টাস বলেছেন, ‘খাজা সময় নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আউট হয়ে যায়। দোষটা হয়তো আমার। তবে ক্রিকেটে এমন হতেই পারে। বুমরাকে কৃতিত্ব দিতেই হবে।’
কনস্টাসের সঙ্গে যদিও শুধু বুমরা নয়, বিরাট কোহলিরও ঝামেলা হয়েছিল। মেলবোর্ন টেস্টের ওই ঘটনায় দায়ী ছিলেন কোহলি। তিনি কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মেরেছিলেন। যে কারণে তার ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়।