বাস্তবে লিটনের থেকে ব্যাট কাড়বেন কোন ‘শাকিব খান’?

আউট হয়ে লিটন ফিরে যাচ্ছেন ড্রেসিংরুমে। তখনই হঠাৎ গুণ্ডাদের সঙ্গে মারামারি শেষ করে ব্যাট ছাড়াই মাঠে নেমে পড়লেন শাকিব খান! লিটনের থেকে ব্যাট কেড়ে নিয়ে ছুটলেন ক্রিজে। এরপর প্রেমিকা জয়া আহসানের অনুপ্রেরণায় একাই ধোলাই করে দিলেন প্রতিপক্ষ বোলারদের। ঢালিউড মুভি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’-এ দেখা যায় এমন দৃশ্য, যা নিয়ে বর্তমানে ট্রোল করছেন ক্রিকেটপ্রেমীরা।

ট্রোলিংয়ের বড় কারণ, চলতি বিপিএলে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের একের পর এক পরাজয়। গতকাল পর্যন্ত টানা চার ম্যাচ হেরেছে ঢাকা। বিপিএলের গত আসর ধরলে খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে এই নিয়ে টানা ১৫ ম্যাচ হারল ঢাকা ফ্র্যাঞ্চাইজি! ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ঢাকার কি আসলে জেতার কোনো ইচ্ছা আছে? সঙ্গে জুটেছে ঢাকার আফগান স্পিনার আমির হামজার অদ্ভুত নো বল আর আলাউদ্দিন বাবুর পরপর তিনটি ওয়াইডের ‘সন্দেহজনক’ ঘটনা।

শাকিব খানের সেই সিনেমার মতোই ঢাকা ক্যাপিটালসের বড় তারকা লিটন দাসের অবস্থা করুণ। প্রথম ম্যাচের পর থেকে তিনি দুই অংকেই যেতে পারছেন না! এই ফর্মহীন লিটনকেই আবার নিয়মিত দলে চাইছেন কোচ সুজন। লিটন ১০ রান করলেও নাকি তিনি রাখবেন। সমস্যা হলো, লিটনের হাত থেকে ‘ব্যাট কেড়ে নেওয়ার’ মতো নায়কও ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে নেই। তাই সিনেমার শাকিব খানকেই মাঠে নামার আহ্‌বান জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

দলের এমন পারফর্মেন্সে হতাশ শাকিব খানকে দেখা গেছে স্টেডিয়ামে বিমর্ষ অবস্থায় বসে থাকতে। জয়-পরাজয় ছাপিয়ে সবচয়ে বড় প্রশ্ন উঠছে ঢাকার পারফর্মেন্স নিয়ে। নূন্যতম লড়াইটুকু তারা করতে পারছে না! প্রতিপক্ষ যেই হোক না কেন, অসহায়ের মতো আত্মসমর্পণ করাই যেন ঢাকার নিয়তি। সেই ২০১৬ বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তখনকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস। কিন্তু তারপর থেকেই খালেদ মাহমুদের অধীনে থাকা দল বিপিএলে আর ভালো করতে পারেনি।