‘তিন মোড়লের’ প্রস্তাবে টেস্ট ক্রিকেটের ধ্বংস দেখছেন মুমিনুল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বেশি টেস্ট খেলে ‘তিন মোড়ল’ খ্যাত ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। তারা যাতে নিজেদের মাঝে আরও বেশি টেস্ট খেলতে পারে, সেই লক্ষ্যে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে ২০২৭ সাল থেকে নতুন এফটিপিতে প্রতি তিন বছরে দুইবার তারা একে অন্যের বিপক্ষে টেস্ট খেলতে পারবে। বর্তমানে এটা চার বছরে দুইবার আছে।

১২টি টেস্ট খেলুড়ে দলকে দুই ভাগে ভাগ করা হলে শীর্ষ স্তরে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কা। এর বাইরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড খেলবে দ্বিতীয় স্তরে। গতকালই এই প্রস্তাবের কঠোর সমালোচনা করেছিলেন উইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড। এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেছেন, ‘এটা শুনে খুবই হতাশ হয়েছি। সত্যি বলতে, আমি কোনো দলকে ছোট করছি না। কিন্তু আমি নিশ্চিত নই যে, নিম্নস্তরের ক্রিকেটে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে? আমি নিশ্চিত নই যে, দ্বিতীয় স্তরে ভালো খেললে আমরা প্রথম স্তরে যেতে পারব কিনা। এতে টেস্ট ম্যাচ কমে যাবে, যা টেস্ট খেলুড়ে দল এবং খেলোয়াড়দের জন্য খুব হতাশাজনক হবে।’

‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল আরও বলেছেন, ‘আমি মনে করি না, এটা আমাদের জন্য ভালো হবে। সত্যি বলতে, আমরা যদি ভালো দলের বিপক্ষে না খেলি, তাহলে আমাদের খেলার উন্নতি হবে না। নিজেদের স্তরের দলের বিপক্ষে খেললে আপনি ওই স্তরেই থেকে যাবেন। কারণ, আপনি যখন একটি ভালো দলের বিপক্ষে খেলবেন, তখন চেষ্টাই থাকবে কীভাবে উন্নতি করা যায়। তাদের সঙ্গে কীভাবে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা করা যায়। তাই যদি এটি ঘটে, তাহলে টেস্ট ক্রিকেটের মান কমে যাবে। টেস্ট ম্যাচ কম হবে এবং এর মূল্য কমে যাওয়ায় ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটে আরও বেশি ঝুঁকে পড়বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত