একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মরিয়ম আক্তার নামে এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোডের দি রেমিডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মরিয়ম আক্তার ১টি পুত্র ও ২টি কন্যা সন্তানের জন্ম দেন। মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রীয়ম গ্রামের প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী।

হাসপাতালের গাইনি চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. খোকন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন। জন্ম নেওয়া নবজাতকরা ও তাদের মা সুস্থ আছেন। 

গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল জানান, প্রথমদিকে স্থানীয় হাসপাতালে মরিয়ম চিকিৎসা নিতেন। এক মাস আগে প্রসূতি আমার কাছে চিকিৎসা সেবা নিতে আসে। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তার গর্ভে তিনটি শিশু রয়েছে জানা যায়। পরে তাকে চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। 

অস্ত্রোপচারের মাধ্যমে ২টি ফুটফুটে মেয়ে ও ১টি ছেলে সন্তান জন্ম নেয়। ভূমিষ্ঠ তিনটি শিশু ও তাদের মা ভালো আছেন। ওই দম্পতির ঘরে আগে আরো ১টি মেয়ে রয়েছে।