তুরস্কের হুমকি

শর্ত না মানলে সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান!

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। দেশটি বলছে, বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়ে গেছে। এবার আঙ্কারার শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কুর্দি জনযোদ্ধা বা ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করব। তুরস্ক তার প্রতিবেশী দেশকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে’র অংশ ওয়াইপিজি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে। শুধু তুরস্ক নয়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে।

সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলেছে, যার জেরে অবসান ঘটেছে আসাদ জামানার। বিশেষজ্ঞদের বক্তব্য, যে ইসলামিক বিদ্রোহীরা নতুন সরকার গঠন করেছে তাদের মদত দিয়েছিল তুরস্ক। সে কারণেই এত দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে।

নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তুরস্ক সিরিয়ার কুর্দি আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। প্রয়োজনে বর্তমান সরকারের সাহায্য নিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান চালানোর পরিকল্পনা করছে।

আঙ্কারার অভিযোগ, ইরাক, ইরান এবং তুরস্ক থেকে কুর্দি যোদ্ধারা সিরিয়ার কুর্দি অঞ্চলে ঘাঁটি গেড়েছে। তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। বস্তুত ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়াজুড়ে ছড়িয়ে আছে কুর্দি যোদ্ধারা।